হোসেনপুর পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহমদ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব কবির আহমদ।

শুক্রবার (১৯ জুন) সকালে হোসেনপুরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

পরিদর্শনকালে তিনি Local Government COVID-19 Response and Recovery Project এবং IUGIP-সহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। পরে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় অংশ নিয়ে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি পৌরসভার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাচারী পুকুরপাড় এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব কবির আহমদ বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছাক।”

তিনি আরও বলেন, “হোসেনপুর পৌরবাসীর জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।”

পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের বিপদে পৌর প্রশাসক পাশে থেকে সেবা করে যেতে পারেন, সেই সুযোগ ও সহযোগিতা আপনাদের করে দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ, পৌর প্রকৌশলী মো. শেখ ফরিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ