কিশোরগঞ্জে লোকজ্ঞান ও লোকসংস্কৃতি সংরক্ষণে কপিরাইট বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক:

বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সংরক্ষণ, চর্চা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কিশোরগঞ্জে কপিরাইট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কপিরাইট অফিস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, কিশোরগঞ্জের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুন) “বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আরশাদ ইমাম। তিনি বলেন, দেশের সমৃদ্ধ লোকজ্ঞান ও লোকসংস্কৃতির সুরক্ষায় কপিরাইট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৃষ্টিশীল ব্যক্তিদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের ন্যায্য রয়্যালটি নিশ্চিত করতেও এ আইন কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মনজুরুর রহমান। সভাপতিত্ব করেন মো. ইশতিয়াক ইমন।

সেমিনারে প্রখ্যাত লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী ও হাশেম বয়াতী, সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার লোকশিল্পী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল লোকজ সংস্কৃতির এক সমৃদ্ধ ভাণ্ডার। এ অঞ্চলের লোকসংগীত, পালাগান, লোককথা ও ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

প্রখ্যাত পালাগানের শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী বলেন, “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল লোকজ সংস্কৃতির আতুরঘর। সংস্কৃতি ছাড়া কোনো জাতি ও দেশ এগিয়ে যেতে পারে না। আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতিই দেশের অন্যতম মূল্যবান সম্পদ। অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, তাহলেই লোকজ সংস্কৃতি রক্ষা সম্ভব হবে।”

বক্তারা কপিরাইট আইন-২০২৩-এর কার্যকর বাস্তবায়ন ও ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ আইনের মাধ্যমে সৃষ্টিশীল ব্যক্তি ও শিল্পীরা সহজেই তাদের সৃষ্টিকর্মের মালিকানা ও রয়্যালটি নিশ্চিত করতে পারবেন।

এ সময় কিশোরগঞ্জ জেলার শিল্পী, সাহিত্যিক ও কলাকুশলীদের কপিরাইট আইনের আওতায় নিবন্ধনের মাধ্যমে তাদের সৃষ্টিকর্মের স্বত্ব সংরক্ষণের আহ্বান জানান কপিরাইট অফিসের কর্মকর্তারা।

সেমিনারে লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার রক্ষায় সরকার, শিল্পী সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ