ভাস্করখিলা বিলে কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম, খাল খনন কার্যক্রম উদ্বোধন
আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। কৃষকদের দাবির প্রেক্ষিতে তিনি ভাস্করখিলা বিল থেকে পাচধা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন অত্যন্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুল আউয়াল জানান, খালের জলাবদ্ধতার কারণে তার প্রায় ২০০ শতাংশ জমির ধান নষ্ট হয়েছে। খাল খনন করা হলে বছরে দুইটি ফসল উৎপাদন সম্ভব হবে, যা কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
কৃষক জমশেদ ও মস্তোফা বলেন, শহরের ময়লা পানি বিলে জমে থাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদে সমস্যা হচ্ছে। খালগুলো পুনঃখনন করা হলে পানি দ্রুত নেমে গিয়ে কৃষিকাজ স্বাভাবিক হবে।
এর আগে গত মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ভাস্করখিলা বিলপাড়ে শতাধিক কৃষক মানববন্ধন করে দ্রুত খাল খননের দাবি জানান। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ফিসারি খননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগের সত্যতা পেয়ে খালের মুখে থাকা অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন এবং দ্রুত পুনঃখননের আশ্বাস দেন।
মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা মুজিবুর রহমান খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
প্রশাসনের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত কাজ সম্পন্ন হলে বোরো ফসল রক্ষা সম্ভব হবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যাও কমে আসবে।

