জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছিল: নেত্রকোনায় ডেপুটি স্পীকার

নেত্রকোনা প্রতিনিধিঃ

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খাল খনন কর্মসূচি দেশের কৃষিতে এক বিপ্লব ঘটিয়েছিল। কৃষক সমাজের প্রায় ৮০ ভাগ মানুষের উপকারের কথা বিবেচনায় নিয়েই তিনি এই কর্মসূচি হাতে নিয়েছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। বর্তমান সরকার নতুন করে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে, যা শুধু জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নয়—তার উন্নয়নমূলক কর্মসূচিকে বাস্তবায়ন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাল পুনঃখনন কর্মসূচির আওতায় আমতলা ইউনিয়নের ভর বিল থেকে কাটাখালী বাজার হয়ে শিবনগর, বুড়িঝুড়ি, আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত প্রায় ৭ হাজার মিটার খাল পুনঃখনন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন ডেপুটি স্পীকার।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক। সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ