হোসেনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে অবসরপ্রাপ্ত দফাদার ও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুজিবর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এবং জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং সাংগঠনিক সম্পাদক বাবু সত্য নারায়ণ দাস।
এ সময় উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মুজিবর রহমানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদান স্মরণ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

