হোসেনপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫ শিক্ষার্থী

মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় মোট ৪৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, এ বছর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৭৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৩০ জন। ফলে অনুপস্থিত থাকে ৪৫ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২টি কেন্দ্রে ১ হাজার ৭৫ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১ হাজার ৬৫ জন। অনুপস্থিত ছিল ১০ জন। দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় ১টি কেন্দ্রে ৪৫৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৪৩৭ জন, অনুপস্থিত ২২ জন। একইভাবে ভোকেশনাল শাখায় ১ হাজার ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৮ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ১৩ জন।

সার্বিকভাবে, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ