হোসেনপুরে বৃদ্ধার ঘরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ-নগদসহ দলিলপত্র লুট

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে এক বৃদ্ধার বসতঘরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি উপজেলার সিদলা ইউনিয়নের মেছেরা গ্রামে। ভুক্তভোগী মরজিনা আক্তার (৭০)। গত ১২ এপ্রিল গভীর রাতে চোরচক্রটি তার বসতঘরের দরজা প্রেম ওয়াল থেকে সরিয়ে ভিতরে প্রবেশ করে চোর।

পরে ঘরের স্টিলের আলমারি ভেঙে প্রায় ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া অন্য একটি আলমারি ভেঙে নগদ ১ লাখ ১২ হাজার টাকা এবং জমিজমার গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায় চোরেরা। এ সময় দরজা ও আলমারি ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিও করা হয়।

পরদিন ভোরে নামাজ পড়তে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান মরজিনা আক্তার। পরে ভেতরে ঢুকে আলমারি ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন।

এ ঘটনায় তার বড় মেয়ে সায়মা আক্তার বাদী হয়ে হোসেনপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মরজিনা আক্তারের স্বামী নুরুল আমিন কাজী প্রায় আট বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি একাই বসবাস করেন। তার একমাত্র ছেলে আগেই মারা গেছেন। ছোট মেয়ে শহরে চাকরি করেন।

স্থানীয়দের ধারণা, জমি-সংক্রান্ত বিরোধের জেরেও এ চুরির ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ