বিনামূল্যে বিতরণের বীজ বাজারে বিক্রির চেষ্টা, প্রশাসনের অভিযানে জব্দ

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি বিনামূল্যে বিতরণের ৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের বিরুদ্ধে বীজ বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে রিকশাযোগে করিমগঞ্জ বাজারের মনা বাবুর দোকানে বীজগুলো পৌঁছে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, জনৈক আব্দুল মালেকের মাধ্যমে এসব বীজ বিক্রির জন্য পাঠানো হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে জড়িত ছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরের সহযোগিতায় বীজগুলো উদ্ধার করে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ফেরত নেওয়া হয়।

ঘটনার পর অভিযুক্ত কর্মকর্তা রানা মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়দের দাবি—বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি বীজ বাজারে বিক্রির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তারা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ