প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী সেদিন সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন। সফরকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজ কোর্টে গিয়ে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। এরপর তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করবেন।

এছাড়া গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্টরা জনসভাস্থলসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ