কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম, ১৪ এপ্রিল ২০২৬: বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ কুড়িগ্রামে উদযাপিত হয়েছে আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।
পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণিল শোভাযাত্রা। রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব আমাদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।” তিনি নতুন বছরে মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষ আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানায়।

