বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ধামইরহাটে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ
ধামইরহাট প্রতিনিধি, (নওগাঁ):
১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। এ সময় নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে পুরো উপজেলা চত্বর।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এবারের শোভাযাত্রায় ছিল রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোলের বাদ্য, গ্রামীণ ঐতিহ্যের মাছ ধরার জালসহ নানা বর্ণিল উপকরণ। এতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। পুরো আয়োজন উৎসবে পরিণত হয়। বিশেষভাবে উপজেলা পরিষদের প্রধান সড়কে শৈল্পিক চিত্রাঙ্কন উপস্থিতদের দৃষ্টি কাড়ে।
পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, অফিসার ইনচার্জ মো. মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা না হলেও ছোট পরিসরে মাটির তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল বসে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পিঠার স্টলও দর্শনার্থীদের নজর কাড়ে।
পরে মেলার অংশ হিসেবে দর্শনার্থীদের নিয়ে বালিশ বদলসহ দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।
