সান্তাহারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার পৌর শহরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সান্তাহার পৌরসভার আয়োজনে হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে সান্তাহার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বালিকা বিভাগে তাঁরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টুর্নামেন্টের সভাপতি ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক রতন বসাক এবং খেলার ধারাভাষ্যকার সহকারী শিক্ষক আবু সায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

