মোহনগঞ্জে গোডাউন থেকে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে একটি দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পৌর শহরের স্টুডিও পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম যুবরাজ (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবরাজ মোহনগঞ্জ বাজারের কাচারী রোডে অবস্থিত মনোহারি ব্যবসায়ী সুফল পালের দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার বিকেলে সবার অজান্তে দোকান মালিকের গোডাউনের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ