মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

নিউজ ডেস্ক:
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে দলটি। এবার এ নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।’
তিনি আরও বলেন, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।
এর আগে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। পরে নিরাপত্তা শঙ্কার কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনায় বিসিবি উদ্বেগ প্রকাশ করে এবং ওই দেশে বিশ্বকাপ খেলতে আপত্তি তোলে। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করে এবং দল না পাঠানোর পরামর্শ দেয়। শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ।
তবে বর্তমানে মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। চুক্তির মূল্য ছিল ৬.৪৪ কোটি রুপি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ