বিগত সরকারের আমলে হামের টিকা বন্ধ থাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক :
বিগত সরকারের আমলে হামের টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটায় বর্তমানে দেশে এই রোগের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় হামের সংক্রমণ বেড়েছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন এবং সরকারও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে হয়নি।
এ সময় শিশুদের হামের ঝুঁকি থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

