ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার উত্তর মলুকা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) টারনাটে শহরের উপকূলে এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। হাওয়াই-ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ টারনাটে ও টিডোরসহ কয়েকটি শহরে মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেয়।

পরবর্তীতে সুলাওয়েসি দ্বীপের উত্তর মিনাহাসায় সর্বোচ্চ ৭৫ সেন্টিমিটার, বিটুং শহরে ২০ সেন্টিমিটার এবং উত্তর মলুকা প্রদেশে প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। তবে বড় ধরনের সুনামি সৃষ্টি না হওয়ায় দুই ঘণ্টার কিছু পর সতর্কতা প্রত্যাহার করা হয়।

এদিকে, উত্তর সুলাওয়েসির মানাদো শহরে একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত ভবনের ছবি স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ