যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে  কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ ‍সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. অভিজিত শর্মাসহ বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশনেন।

সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন জাদুঘর জনসাধারণের জন্য এবং শিশুদের জন্য বিনোদন কেন্দ্রগুলো উন্মুক্ত রাখা হয়।

বাদ জোহর ও সুবিধাজনক সময়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা, ব্যানার ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হয়। হাসপাতাল, জেলা কারাগার, পাগলা মসজিদ, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

২০ মার্চ থেকে ২৫ মার্চ এর মধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং শিশু একাডেমি চত্বরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ