ভিজিএফের চাল বিতরণ পরিদর্শনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।

রবিবার (১৫ মার্চ) দুপুরে লতিবাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি বিতরণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে দেখা যায়, অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে নিয়ম অনুযায়ী কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুবিধাভোগীরা নিজ নিজ কার্ড নিয়ে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন এবং প্রত্যেকে নিজ হাতে ছোট বস্তায় চাল গ্রহণ করছেন।

উপস্থিত অসহায় ও দুস্থ সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেও কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গেও কথা বলে জানা যায়, চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এক ব্যক্তির একাধিক কার্ড ব্যবহার করে চাল নেওয়ার কোনো সুযোগ নেই। সবকিছু কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামও উপস্থিত ছিলেন। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লতিবাবাদ ইউনিয়নে মোট ৪ হাজার ২৮০ জন কার্ডধারীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে এবং পুরো কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

পরিদর্শন শেষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা বলেন, “আমি সরেজমিনে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে পরবর্তীতেও যদি কোনো অনিয়ম বা সরকারি চাল বিক্রির প্রমাণ পাওয়া যায়, তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে চাল বিতরণ হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ