বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

মো. মনির হোসেন: জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য এবং অভ্যুত্থানের অন্যতম নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পাবলিক লাইব্রেরিতে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান।

এতে মূল বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া।

তিনি বলেন, ফজলুর রহমান আমাদের অভ্যুত্থানকে অস্বীকার করে আমাদের সন্ত্রাসী বলার চেষ্টা করছেন। এটা আমাদের শঙ্কিত করছে। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে দাবি জানাচ্ছি তিনি যেন ফজলুর রহমানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। অন্যথায়, যদি ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা হয়, তাহলে তার দায় বিএনপিকেই নিতে হবে।

রাতুল আরও বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা এ কারণে আমি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছি। তবে ২৪ ঘণ্টার মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ছাত্র জনতা তখন যেকোনো কর্মসূচি নিতে বাধ্য হবে।

সারজিস আলমের বিরুদ্ধে সামান্য বিষয় নিয়ে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি উদ্দেশ্যমূলক হয়রানি বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, ন্যারেটিভ বানিয়ে আমাদের হয়রানির চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র জনতা প্রস্তুত আছি সব সময়। কেউ যেন মনে না করে আমরা ঘরে ফিরে গেছি বলে হুঁশিয়ারি করেন রাতুল।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ