সড়ক সংস্কারের দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, অবরোধ

কিশোরগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এক কিলোমিটার রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৫টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৫ হাজার মানুষ।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের একরামপুর রেলগেইট থেকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।


জামিয়া নুরানিয়া তারাপাশা মাদ্রাসা, মাদ্রাসা দারুল উলুম, সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার পাঁচটি মাদ্রাসা ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার মানুষ এতে অংশ নেন।


এ সময় একরাপুর ও সতাল এলাকায় রাস্তা বন্ধ করে দেয়ায় বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক হয়ে হাওড়ের ৫টি উপজেলার মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। কিন্ত সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটি দীর্ঘ ৬ বছর ধরে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার মানুষ।

অবিলম্বে রাস্তা সংস্কার না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।

মানববন্ধন চলার সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাফিল, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি আবুল বাশার, ব্যবসায়ী খাইরুল ইসলাম উজ্জ্বলসহ অন্যরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ