কিশোরগঞ্জে সাবেক ডিসি বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদসহ সহায়-সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা এবং খুন-জখমের হুমকির অভিযোগ ওঠেছে সাবেক ডিসি বড় ভাইয়ের বিরুদ্ধে।

এ পরিস্থিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই আব্দুল করিম মোল্লা। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল করিম মোল্লা অভিযোগ করেন, তার বড় ভাই আব্দুর রহিম মোল্লা একজন সাবেক জেলা প্রশাসক (ডিসি)। এই পরিচয় ও প্রভাবে বড় ভাই আব্দুর রহিম মোল্লা, ভাবি শেলোরা মোল্লা এবং তাদের মদতদাতা ও সহযোগীরা আক্রোশমূলকভাবে তাকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদসহ সহায়-সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা করছেন। তারা তাকে বাসাবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়ার জন্য খুন-জখমের হুমকি দিচ্ছেন। খুন-জখমের হুমকির ঘটনায় গত ২০ নভেম্বর আব্দুল করিম মোল্লা কিশোরগঞ্জ মডেল থানায় জিডি করেছেন। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আব্দুল করিম মোল্লা।

তিনি তার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ