কিশোরগঞ্জে গণ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে মসজিদে মসজিদে দোয়া ও শহরে গণ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া করা হয়।
নামাজ শেষে শহরের শহীদী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের শিক্ষার্থীরা।
কয়েক হাজার মানুষের বিশাল মিছিলটি গৌরাঙ্গ বাজার এলাকায় এসে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে স্টেশন রোড এলাকায় সাদা পোশাকে থাকা কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই আল-আমিনকে ধাওয়া করে মিছিলকারীদের একটি অংশ। এ সময় ইট পাটকেলের আঘাতে আহত হন ওই পুলিশ কর্মকর্তা।
মিছিলটি সদর থানার সামনে দিয়ে কালীবাড়ি মোড়, কাচারিবাজার, বটতলা, হারুয়া, আখড়া বাজার, রথখোলা হয়ে পুরান থানায় গিয়ে শেষ হয়।
এদিকে বিক্ষোভ মিছিলকে ঘিরে শহর আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল দল দেখা যায়।

