কে এই ডিআইজি আবদুল কাহার আকন্দ!
শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নৌকার টিকিট পেয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সাবেক সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। বর্তমানে আসনটির সংসদ সদস্য হিসেবে রয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
রোববার (২৬ নভেম্বর) নৌকার মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের উদ্যোগ নেয়া হয়। তখন মুক্তিযোদ্ধা কাহার আকন্দকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি বরখাস্ত হন। সাত বছর পর ২০০৯ সালে তিনি আইনি লড়াইয়ের মধ্যদিয়ে চাকরি ফিরে পান।
তিনি ২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত করেন। তার তদন্তের পর ২০১৮ সালে ১৯ জনের মৃত্যুদণ্ড ও আরও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এছাড়া ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ মামলাসহ অনেক আলোচিত মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি।
বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়ে এমপি হন। তবে গত প্রায় পাঁচ বছর ধরে স্থানীয় রাজনীতিতে তিনি স্বস্তিতে ছিলেন না। আসনটির সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষের মধ্যে নানা সময় সংঘাত, সহিংসতার ঘটনাও ঘটে।
এবার নৌকার টিকিট পেতে কিশোরগঞ্জ-২ আসনটি থেকে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্য থেকেই শেষ পর্যন্ত দলীয় বিবেচনায় আবদুল কাহার আকন্দকে বেছে নেয়া হয়।
১৯৭৩ সালে পুলিশে এসআই হিসেবে যোগ দেন কাহার আকন্দ। ৪৬ বছর কর্মজীবনের বেশিরভাগ সময় অপরাধ তদন্ত সংস্থা- সিআইডিতে কাজ করেছেন তিনি।

