করিমগঞ্জে নরসুন্দা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন
করিমগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার, ১৩ নভেম্বর দুপুরে করিমগঞ্জ কাইকুরদিয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম)সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট মীর আব্দুস ছাত্তার,জামিল আনসারী,বাপার সদস্য কবিরুল ইসলাম গোলাপ,বাপার করিমগঞ্জ উপজেলার সমন্বয়ক তানভীর হাসান প্রমুখ।পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বলেন,ইজমা শোভা জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া প্রশাসনের নাকের ডগায় কাইকুরদিয়া এলাকায় নরসুন্দা নদী ভরাট করে বাগানবাড়ী নিমার্ণ করে নদীর গতিধারা বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি দুটি খাল ভরাট করে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করেছেন।এখন নতুন করে নদী ও খাল থেকে অবৈধ ভাবে বালু তুলে নদীর জায়গা দখল করছেন।এ বিষয়ে এ্যাডভোকেট মীর আব্দুস সাত্তার জানান,নদী দখলের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক,করিমগঞ্জের ইউএনও এবং পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে কোন প্রতিকার হচ্ছেনা। এর প্রতিবাদেই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান তিনি।এসময় বক্তারা নরসুন্দা দখলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নদীর সীমানা নির্ধারণ করার দাবী জানান।

