পাকুন্দিয়ায় এমপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আজ সোমবার সকালে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) মো.ইমাম হোসাইন শাহ্।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহআয়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো.শাহাব উদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, পাকুন্দিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জালী, ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী রঙ্গু, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি আবদুল হাকিম, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো.ফরিদ উদ্দিন, যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন, যুব মহিলা লীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি প্রমুখসহ স্থানীয় শতাধিক মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ২আগস্ট কিশোরঞ্জ প্রেসকাবে কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিনের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ আলী নামে এক মুক্তিযোদ্ধা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল। ওই মহলটির ষড়যন্ত্রের অংশ হিসেবে ভুল, মিথ্যে ও কল্পনাপ্রসূত অভিযোগ এনে মোহাম্মদ আলীর এ সংবাদ সম্মেলন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষে ওই মিথ্যে অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এ সংবাদ সম্মেলন থেকে। তাছাড়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ব্যক্তিগত ঋনের চাপে বিকারগ্রস্ত হয়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, নারী নির্যাতন, মিথ্যে মামলায় সাধারণ লোকজনকে হয়রানিসহ নানান অপকর্মে লিপ্ত রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ক্ষতিগ্রস্ত লোকজন একাধিক মামলা মোকদ্দমাও করেছেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর এমন আচার-আচরণে স্থানীয় মুক্তিযোদ্ধারা লজ্জিত ও বিব্রতবোধ করছে। প্রধানমন্ত্রী বরাবরে তার বিরুদ্ধে অভিযোগ দেয়াসহ আইনী ব্যবস্থাও নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। এসময় মুক্তিযোদ্ধারা স্থানীয় এমপি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ না নিলেও বহু হিন্দু নারী-পুুরুষকে আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষার পাশাপাশি সংগঠকের দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন। এমপির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধারা বলেন এর সরষে পরিমাণও সত্য নয়।
এর আগে সকাল পৌনে এগারটার দিকে এমপি সোহ্রাব উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মিথ্যে অভিযোগের প্রতিবাদে উপজেলা পরিষদ গেইটের সম্মুখে কিশোরগঞ্জ টু ঢাকা সড়কের দুই পাশে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধারা। এতে সংহতি প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা এমপি সোহ্রাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মোহাম্মদ আলীর শাস্তির দাবি করেন।

