সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ কর্তনের অভিযোগ
একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলমের বিরুদ্ধে সরকারি রাস্তা গাছ কর্তন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানান, উক্ত কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম নির্বাচিত হবার পর থেকে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুঁশি মতো পরিষদ পরিচালনা করে আসছেন। সরকারের উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকান্ডে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে না নিয়ে একক ভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ধুবনী কঞ্চিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পাঁচপীর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কার চলাকালে রাস্তা দু’ধারে থাকা বিভিন্ন জাতের মুল্যবান গাছগুলো এলজিইডি কর্তৃপক্ষের আবেদন ও অনুমোদন ছাড়াই কর্তন করে কালোবাজারে বিক্রি করে আত্মসাত করেছেন। এব্যাপারে এলাকবাসি ১৪ ফেব্রুয়ারী ইউএনওর নিকট অভিযোগ দায়ের করলেও চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এব্যাপারে চেয়ারম্যান মনোয়ার আলম অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন রাস্তা সংস্কারের ঠিকেদারের লোকজন গাছগুলো উপড়ে ফেললে তা আমি ইউপি পরিষদ চত্বরে হেফাজতে রেখেছি। অভিযোগকারীরা জানান, চেয়ারম্যানের বক্তব্য অসত্য। পরিষদ চত্বরে কোন গাছ নেই। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, কর্তনকৃত গাছ গুলো বিষয়ে খতিয়ে দেখে বন বিভাগকে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
