নেপাল দুর্ঘটনা চলে গেলেন শাহীন ব্যাপারীও
নিউজ ডেস্ক : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারী মারা গেছেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বিকেল পৌনে ৫টার দিকে শাহীন ব্যাপারী মারা যান। বিকেলে ইসিজি করলে তার হৃদযন্ত্র বিকল পাওয়া গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শাহীন ব্যাপারীর শরীরের ৩২ শতাংশ পুড়ে যায়। এছাড়া কোনো কোনো অগ্ধ অংশ অনেক গভীর ছিল।
নেপালে থাকা অবস্থায়ই শাহীনের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে জানিয়ে ডা. সামন্তলাল বলেন, এ অবস্থাতেই নেপাল থেকে এনে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এর আগে গত বুধবার ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অস্ত্রোপচারের মাধ্যমে শাহীনের বাম হাতের কিছু অংশে চামড়া লাগানো হয়েছিলো। পরে গতকাল রোববার শাহীনের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। দ্বিতীয় পর্যায়ের শাহীনের পিঠের ডান পাশের কিছু অংশের চামড়া লাগানো হয়েছে। তার শরীরের বাকি অংশে ড্রেসিংও করা হয়। এরপর থেকেই শাহীন ব্যাপারীর অবস্থার অবনতি হতে থাকে। গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন যাত্রী নিয়ে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এ দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা যান। আহত হন ১০ জন। পরে ১৮ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে আহত অবস্থায় শাহীন ব্যাপারীকে ঢাকায় আনা হয়।
