ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক সংস্থার সহযোগিতায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আনন্দ সিংহ প্রমূখ।
এদিকে নবাবগঞ্জ উপজেলায় দিবসটি পালনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, গত এক বছরে উপজেলায় ৪৬২জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়। এরমধ্যে ২২৫জন পুরোপুরি আরোগ্য লাভ করলেও পাঁচ জনের মৃত্যু ঘটেছে। অন্যদের চিকিৎসা অব্যাহত রয়েছে। #
