করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬। উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা।

উদ্বোধন শেষে ইউএনও উম্মে মুসলিমা গার্লস গাইডদের বিভিন্ন প্রদর্শনী ও দলগত কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে। গার্লস গাইডের মতো কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে গার্লস গাইডের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করিমগঞ্জে প্রথম উপজেলা পর্যায়ের এই গার্লস গাইড ক্যাম্প শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ