নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনা প্রতিনিধি:
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে নেত্রকোনা জেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক এমপি ও সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপির নেতৃত্বে র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।

