আজই শুরু ব্রাজিলের বিশ্বকাপ মিশন, সামনে ‘জায়ান্টকিলার’ মরক্কো

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। ১৭ জুন আর্জেন্টিনা মাঠে নামার আগেই, আজ শনিবার দিনগত রাত ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর এই হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো।

একনজরে ম্যাচ ইনফো:

ম্যাচ: ব্রাজিল বনাম মরক্কো (গ্রুপ ‘সি’)

সময়: আজ শনিবার দিনগত রাত ৪:০০টা (বাংলাদেশ সময়)

ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

২৪ বছরের খরা কাটানোর মিশন
২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর ধরে শিরোপাখরায় ভুগছে ব্রাজিল। কাকতালীয়ভাবে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই ব্রাজিলের আগের ২৪ বছরের খরা কেটেছিল, যা এবারও সমর্থকদের মনে নতুন আশা জোগাচ্ছে। বাছাইপর্বে পঞ্চম হয়ে টিকিট কাটলেও শেষ তিন ম্যাচে টানা জয় এবং ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির অধীনে চাঙ্গা রয়েছে বর্তমান ফিফা র‍্যাংকিংয়ের ৫ নম্বরে থাকা দলটি।

রেকর্ড বুক: বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান দলগুলোর বিপক্ষে খেলা ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে ব্রাজিল।

সমীহ জাগানো ‘ডার্ক হর্স’ মরক্কো
কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’। ২০২৩ সাল থেকে ৪৫ ম্যাচের মাত্র ২টিতে হারা মরক্কো বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের ৭ম স্থানে রয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে কোচ ওয়ালিদ রেগরাগুই পদত্যাগ করায় দলটির ডাগআউটে থাকছেন নতুন কোচ মোহাম্মদ ওয়াহবি।

সর্বশেষ ২০২৩ সালের মার্চে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল মরক্কো। ফলে বিশ্বকাপের মঞ্চে আজ সেলেসাওদের জন্য বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ