বগুড়ার আদমদীঘিতে ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামটির মসজিদ পর্যন্ত প্রায় ৬৩০ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে সড়কটির কাজ করা হচ্ছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টো, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিল্লুর রহমান ও শফিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। সড়কটি উন্নয়ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ