কুলিয়ারচরে ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ

কমাল আহমেদ, কুলিয়ারচর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি উৎপাদন বাড়াতে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি পাট চাষের ঐতিহ্য তুলে ধরে বলেন, কৃষকদের জন্য উন্নতমানের বীজ সরবরাহ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং কৃষকদের সুবিধার্থে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পহেলা বৈশাখ থেকে ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আগামী তিন থেকে চার মাসের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার সাধারণ মানুষের স্বার্থে ভর্তুকি দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কালী নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি কুলিয়ারচর বাজার লঞ্চঘাট এলাকায় নৌ-যোগাযোগ সচল রাখতে নেওয়া উদ্যোগগুলো ঘুরে দেখেন এবং নতুন জেটি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায়ও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ