অনিয়মের অভিযোগে বিপিআইএ’র দ্বিবার্ষিক নির্বাচন বর্জন পোল্ট্রি ঐক্য প্যানেলের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে পোল্ট্রি ঐক্য প্যানেল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি প্রার্থী এ. কে. এম. আব্দুল ওয়াদুদ বলেন, ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে ঘোষিত নির্বাচনকে ঘিরে গুরুতর অনিয়ম ও অসংগতি দেখা দিয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, অতিরিক্ত মনোনয়ন ফি, ভোট পদ্ধতি ও ব্যালট সংক্রান্ত তথ্য গোপন রাখা এবং প্রান্তিক খামারিদের জন্য ভোটদান জটিল হওয়াসহ একাধিক অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তারা।
তিনি আরও বলেন, বিপিআইএ অফিসে প্রভাব খাটিয়ে একটি নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার অপচেষ্টার অভিযোগও রয়েছে। এ অবস্থায় ভোটারদের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
পোল্ট্রি ঐক্য প্যানেলের পক্ষ থেকে আগামী ২০ ডিসেম্বর ২০২৫-এর নির্বাচন স্থগিত করে তফসিল বাতিল, ভোটার তালিকা ও নির্বাচন বিধি সংশোধনের মাধ্যমে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে দেশব্যাপী পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীদের নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাঃ মোসাদ্দেক হোসেন (সহসভাপতি পদ প্রার্থী), এ.এস.এম আজিজুর রহমান ভূঞা (মহাসচিব পদ প্রার্থী), মো. জালাল উদ্দিন (ট্রেজারার পদ প্রার্থী), মো. আলা উদ্দিন আল আজাদ (যুগ্ম মহাসচিব পদ প্রার্থী), আবু সাঈদ (প্রাচার সম্পাদক পদ প্রার্থী), ইনামুল হক (সমাজ কল্যাণ স্পাদক পদ প্রার্থী), মাহবুবুল আলম (নির্বাহী সদস্য পদ প্রার্থী), মো. ইসরাফিল (নির্বাহী সদস্য পদ প্রার্থী), মো. মনসুর আলী (নির্বাহী সদস্য পদ প্রার্থী) প্রমুখ।

