আর্থিক অনটনে হতাশাগ্রস্ত সাংবাদিক শাওন চক্রবর্তীর আত্মহত্যা
আর্থিক সংকটে পড়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বরিশালের এক সাংবাদিক। গতকাল রোববার (২২ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাওন চক্রবর্তী (৩২)।
শাওনের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে। তিনি কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। পেশাগতভাবে সাংবাদিকতা ছাড়াও তিনি উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে ভুগছিলেন শাওন। সাম্প্রতিক সময়ে হতাশা এতটাই বেড়ে যায় যে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং পোস্টটি মুছে ফেলা হয়।
তবে শনিবার (২১ জুন) গভীর রাতে পরিবারের সবার অজান্তে তিনি কীটনাশক পান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার ভোরে শাওন চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক সন্তান ও পরিবারকে রেখে সাংবাদিক শাওনের এই করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

