কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপিত
নিউজ ডেস্ক
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।
শুক্রবার (১ নভেম্বর) এসব অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা মসজিদের সামনে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর কচুরীপনা পরিস্কারের শুভ উদ্বোধন করা হয়। অতপর মোল্লাপাড়ায় অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক জেড.এ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কামাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, ডা: নাজমুল করিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম মিয়া,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। সফল আত্মকর্মী প্রশিক্ষিতদের মধ্যে বক্তব্য রাখেন, আত্মকর্মী নারী শেখ সোমা, আশরাফ ও সফল যুব সংগঠকদের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত বেকার যুব ও যুবাদের মধ্যে যুব ঋণের চেক প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও দুটি সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ করা হয়।
বিকেলে যুব ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপন, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও দুদিনব্যাপী যুব মেলার উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষিত আত্মকর্মীগণ,সফল যুব সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

