খালিয়াজুরীর কৃষ্ণপুরে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

শিমুল মিলকী

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর বাজারে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে।

 এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শুক্কুর আলী ও যুবদল কর্মী মো. কায়েস মিয়া মধ্যে বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর বাজারে কৃষি কমিটি গঠন নিয়ে মতবিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে এগারটায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কৃষ্ণপুর গ্রামের হাসাইন মিয়া(১৯), ফাহিম মিয়া(১৫), রফিকুল ইসলাম (১৬) হাসিম উদ্দিন(১৫), রুহুল আমিন(৩৫), ফজল আমিন(৩৫), শুক্কুর আলী(৪২), মো. রুবেল মিয়া (৩২), নাপিয়া বেগম(৩৫) সহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। গুরুতর আহত শুক্কুর আলী ও রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আহতদের দেখতে যায়।

আহত শুক্কুর আলী বলেন, হঠাৎ করে কায়েস মিয়া তার লোকজন নিয়ে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে আমার বাড়িতে আক্রমন করে। আমার লোকজনকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে। এতে আমার লোকজন আহত হয়েছে। অপরপক্ষের মো. কায়েস মিয়া জানান, কৃষি কমিটি গঠন করতে দুইপক্ষের বাকবিতন্ডার জেরে সংঘর্ষ হয়েছে। তবে উভয় পক্ষের লোকজনই আঘাত প্রাপ্ত হয়েছে।

খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন বলেন, ছোট্ট একটি বিষয় নিয়ে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. মাহবুবুর রহমান কেস্ট জানান, দুই পক্ষের মধ্যে মারামারির কথা শুনেছেন। দলের অন্যদের সাথে কথা বলে যাতে এমন ধরণের আর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়ভাবে সকলকে নিয়ে বসে সুষ্টু মিমাংসা করে দেওয়া হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, আহতদের দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ