বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল
অনলাইন ডেস্ক :
অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ কেবলই আনুষ্ঠানিকতা, সেটা জানা আছে সবারই। প্যারিস অলিম্পিকও এর ব্যতিক্রম নয়। তারপরও অ্যাথলেটদের কাছ থেকে চমকের প্রত্যাশায় প্রতিবার এই আসরে পা রাখে বাংলাদেশ।
এবারও আশার খবর পাওয়া যাচ্ছে না। শুটিং ইভেন্টে ছিলেন বাংলাদেশের রবিউল ইসলাম। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন তিনি।
৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন পাবনার ছেলে রবিউল। তার স্কোর ছিল ৬২৪.২।
বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭, দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও সমান। ৬৩১.৪ স্কোর নিয়ে তিনে আছেন ইতালির সোলাজু।

