শেখ হাসিনার বিরোধীরা ঢাকায় বসে ষড়যন্ত্র করছে: কাদের
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীরা ঢাকায় বসে ‘ষড়যন্ত্র’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নির্বাচনী সড়কযাত্রার বহর চট্টগ্রামে পৌঁছানোর পর রোববার বিকেলে লোহাগড়া উপজেলার চুনতি এলাকার মেহেরুন্নেসা স্কুল মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার বিরোধীরা ঢাকায় বসে ষড়যন্ত্র করছেন। নানা ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তারা জাতীয় ঐক্য, জাতীয় ফ্রন্টের কাঁধে ভর করেছেন।’
এ সময় তিনি বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ মঞ্চে নেতারা সবাই বসে ঘুমাচ্ছিলেন। এরা কী আন্দোলন করবে?’
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির সঙ্গে কথা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ায় তারা খুশি। প্রধানমন্ত্রীর প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। এখন দেশের আলেম ওলামাদের শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রতিদান দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা যা ওয়াদা করেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। এ কারণে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানাচ্ছি।’
সুধী সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন বীর বিক্রম।
সমাবেশের আগে লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে ১০ কিলোমিটার দীর্ঘ ইসাক মিয়া সড়ক উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
চট্টগ্রাম শহরের শাহ আমানত (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দিনে আওয়ামী লীগের নির্বাচনী সড়কযাত্রা শুরু হয়।
পরে শিকলবাহার এলাকায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রথম পথসভায় অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির এ নির্বাচনী সড়কযাত্রা শুরু হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সফরের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গত ৩০ আগস্ট আকাশপথে ঢাকা থেকে সিলেট গিয়ে সেখানে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের নেতারা। পরে ৮ সেপ্টেম্বর ঢাকা-নীলফামারী রুটে নির্বাচনী ট্রেনযাত্রা করেন দলটির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা। আগামী ২৫-২৬ সেপ্টেম্বর ঢাকা-পটুয়াখালী-বরগুনা লঞ্চযাত্রা করবেন তারা।

