আজকের মতো শাহবাগ মোড় ছেড়েছে শিক্ষার্থীরা
শনিবার বেলা সোয়া ৩টার দিকে একই দাবিতে রোববার সকাল ১০টায় পুনরায় অবস্থান নেওয়ার কথা জানিয়ে ফিরে যায় তারা।
এ সময় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মো. সজল আলম সাংবাদিকদের জানায়, দাবি আদায়ের বিষয়ে তারা আশ্বাসে বিশ্বাসী নয়। সব দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
শিক্ষার্থীরা জানায়, নয় দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে। নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ তাদের সব দাবি মানতে হবে। রোববার সকাল ১০টায় তারা আবার অবস্থান নেবে।
শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচাল স্বাভাবিক হতে থাকে।
এর আগে সকল থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পাশাপাশি বিভিন্ন দিক থেকে আসা শাহবাগ মোড়ের যানবাহনগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পরীক্ষা করে তারা।
গত ২৯ জুলাই রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস।
এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম (১৬)।
বুধবার গ্রেফতার করা হয়েছে জাবালে নূর পরিবহনের দুর্ঘটনা ঘটানো বাসের মালিক শাহাদৎ হোসেন ও চালক মাসুম বিল্লাহকে। বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন।
রাস্তায় বাসচাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আন্দোলনের সময় চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে তারা। এর মধ্যে বেশ কিছু যানবাহনের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন চলছে ঢাকার বাইরেও।

