মাদকের সঙ্গে জড়িতরা বিএনপিতে পদ পাবেন না, পদে থাকলেও ব্যবস্থা নেওয়া হবে: এমপি জালাল উদ্দিন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপিতে কোনো পদ পাবেন না এবং গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

শুক্রবার (১৯ জুন) রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুগদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জালাল উদ্দিন বলেন, “আপনার সন্তান ও আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপিতে কোনো পদ পাওয়া যাবে না। কেউ গুরুত্বপূর্ণ পদে থাকলেও মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার পদ চলে যাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সভাপতি হিসেবে দায়িত্ব দিতে হবে। মাদক নির্মূলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটির নেতৃত্ব দেবেন স্থানীয় বিএনপির সভাপতি ও নেতারা।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দল ক্ষমতায় থাকায় এর সুনাম ও মর্যাদা রক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।”

মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আরশাফুল হক দাদন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ