বগুড়ায় আলোচিত রাকা হত্যা মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আলোচিত শিশু রাকিকা আক্তার রাকা (৬) হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা ইয়াশ হোসেন আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাকার ফুফু লিপি বেগম, প্রতিবেশী খাদিজা ও রমনি আক্তারসহ অনেকে।
বক্তারা বলেন, “রামিসা হত্যা মামলার রায় যেমন দ্রুত হয়েছে, তেমনি রাকা হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করতে হবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।”
উল্লেখ্য, কানের সোনার দুল হাতিয়ে নেওয়া এবং প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে শিশু রাকিকাকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। হত্যার পর তার মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টাও করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তার ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

