তাড়াইলে গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সহজে ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি তুলে ধরতে সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ বাজারে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূঞা। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এবং উপজেলা কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান ভূঞা।

ভিডিও শোতে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, এখতিয়ার এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। তথ্যচিত্রে দেখানো হয়, কীভাবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।

বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ জনগোষ্ঠীকে আইনি সচেতন করে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাম আদালতের মাধ্যমে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা কমিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করছে। ফলে মানুষ আদালতের জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর বিচার পাওয়ার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প দেশের গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী বিচারব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ