কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নুর আমিন নিহত হন।

গুরুতর আহত শিউলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।