পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা
পাকুন্দিয়া সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী মোঃ বিজয়কে এক মাসের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১১৫ কেজি পচা মাংস মাটি চাপা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌর সদরের সৈয়দগাও চৌরাস্তার বিজয় গোস্ত বিতানে অভিযান পরিচালন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর সদরের সৈয়দগাও চৌরাস্তার বিজয় গোস্ত বিতানে গরুর পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী মোঃ বিজয়কে এক মাসের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় তার দোকান থেকে পচা মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হয়। ঘটনার সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে এক মাসের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।

