হাজিপুর মুসলিম মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকারিয়া আলম: কিশোরগঞ্জের হোসেনপুরে হাজিপুর মুসলিম মডেল হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিব খান এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আরাফাত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি  ছিলেন হোসেনপুর স্বেচ্ছাসেবক দলের সৈকত হোসেন, হাজিপুর মুসলিম মডেল হাই স্কুলের পরিচালক মাহমুদউল্লাহ খান ফেরদৌস, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব মারিয়া সুলতানা ঝুমু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুস, সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকার, নন্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা ড. হারুনুর রশিদ, ১নং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুল আলম। মাঠ পরিচালনায় দায়িত্ব পালন করেন হান্নান শাহ ও রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি মোবাইল গেম খেলতে পছন্দ করো? কোনো শিক্ষার্থী হাত না তোলায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, তাহলে বোঝা যাচ্ছে তোমরা মোবাইলে আসক্ত নও। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে বড় কর্মকর্তা হবে। একদিন হয়তো তোমরাই বলবে স্যার, আপনাকে আমাদের স্কুলের অনুষ্ঠানে দেখেছিলাম, আজ আমিও একজন কর্মকর্তা।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ