টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের কর্মশালা অনুষ্ঠিত

মো. মনির হোসেন:  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

এতে কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ দিদারুল ইসলাম, শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহসহ ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দরা।

এসময় টাইফয়েড টিকা কার্যক্রমের গুরুত্ব, টিকার নিরাপত্তা, টিকাদানের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম  চলমান রয়েছে। এছাড়াও কেউ যদি নিবন্ধন করতে না পারে তারাও নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ