শিশুদের পাশে উমর নাসিফ
নিউজ ডেস্ক: সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের তরুণ সেচ্ছাসেবী উমর নাসিফ। মানবিক মূল্যবোধে বিশ্বাসী নাসিফ স্বেচ্ছাশ্রম, সামাজিক দায়বদ্ধতা এবং শিশুদের অধিকার রক্ষার প্রতি গভীর অঙ্গীকার নিয়ে নিজেকে সম্পৃক্ত করেছেন নানা রকম জনকল্যাণমূলক কর্মকাণ্ডে।
উমর নাসিফ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর—যেমন বেদে সম্প্রদায়ের—শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে চলেছেন। এই শিশুদের সমাজের মূলধারায় আনতে তিনি নিয়মিত সচেতনতামূলক কর্মশালা, পাঠদান কার্যক্রম এবং সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকেন।
রমজান মাসে তিনি দরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেন, শীতকালে শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন পোশাক বিতরণসহ বছরের বিভিন্ন সময়ে নানা রকম মানবিক কর্মকাণ্ডে অংশ নেন। শুধু নিজে অংশ নেন না, বরং তরুণদের একত্রিত করে তাদের স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করতে কাজ করেন।
উমর নাসিফ কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের তরুণদের নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন।
উমর নাসিফ বলেন, নিজের ভাল লাগার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, এতে মনে প্রশান্তি পায়, আমাদের মতো তরুনদের উচিত সমাজের উন্নয়নে কাজ করা।

