ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিমুল মিলকী
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গুণীজন ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী বলেছেন, সংষ্কার ও নির্বাচনহীন পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দিচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সমৃদ্ধ দেশ গঠন করতে চেয়েছিলাম, তার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টেকসই সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আন্তরিক হবেন বলে আশাবাদী। অবিলম্বে সংস্কার পূর্বক প্রোপোরশনাল রিপ্রেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
২০ মার্চ (বৃহস্পতিবার ) বিকেলে নেত্রকোনা জেলা শালথী রেষ্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি ওমর ফারুক ওফার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা জাকারিয়া আকন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের বক্তারা বলেন, ভক্তি ও শক্তির সমন্বয় হতে হবে। সমাজের ভাল মানুষকে ভক্তি করা হয় কিন্তু শক্তি থাকে টাউট, বাটপারদের কাছে। যার ফলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। সুতরাং দেশের কল্যাণকামী জনতাকে ভাল মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখনো শিশু ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাই যদি ঘটে, তাহলে এই অভ্যুত্থান অর্থবহ হয়েছে বলে বলা যায় না।
বক্তারা আরো বলেন, মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু ধর্মের নেতা ছিলেন না, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। তিনিই পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান প্রনয়ণ করেছেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ দূর করেছেন। তিনি মানুষের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দারিদ্র, ক্ষুধা, নিরক্ষরতা নিরসনে কাজ করেছেন। এটাই ইসলামী কল্যাণ রাষ্ট্রের চরিত্র।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেম, মালনী মাদরাসার মুহতামিম, মাওলানা আব্দুল কায়্যুম, এন আকন্দ কামিল মাদরাসা প্রিন্সিপাল মাও. আব্দুল বাতেন, জমিয়তের জেলা সেক্রেটারী মাও. মফিজুর রহমান,জামাতের জেলা সেক্রেটারী অধ্যাপক মাহবুবুর রহমান, মজলিসের জেলা সেক্রেটারী মাও. আসাদুর রহমান আকন্দ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. মুর্শেদ বেগ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাদ আল ফাহিম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মুফতি আবু সালেহ মূছা সহ অন্যান্যরা।আরো উপস্থিত ছিলেন যুব আন্দোলনের জেলা ও থানা নেতৃত্ববৃন্দ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার
সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই এদেশের লাখো কোটি মানুষকে আল্লাহর ভয় এবং দেশপ্রেম শিখিয়েছেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার কথা বলেন। তার অনুসারীদের সন্তানদেরকে আমরা মুজাহিদ প্রজন্ম হিসেবে সম্বোধন করি।
আজ যেসকল মুজাহিদ প্রজন্মের বন্ধুগণ উপস্থিত হয়েছেন, সবাইকে উদাত্ত্ব আহ্বান জানাই, আপনারা ব্যক্তি আদর্শ থেকে শুরু করে রাজনৈতিক আদর্শসহ সকল ক্ষেত্রে ইসলামের পরিপালন করুন, দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে সফল হবেন ইনশাআল্লাহ।

