বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর সাধন সূত্র ধর (৭৯) নামে এক বৃদ্ধের মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ৷ ১৬ জুলাই মঙ্গলবার দুপুর ৩ টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সাধন সূত্র ধর একই গ্রামের মৃত সুরেন্দ্র সূত্র ধরের ছেলে৷
পারিবারিক, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ সাধন সূত্র ধর ৷ তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন৷ পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ছেলে লিটন সূত্র ধর৷ মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যাক্তিরা বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷

